কংগ্রেসের সঙ্গে যুক্ত ৭০০ পেজ বন্ধ করল ফেসবুক

ঘনিয়ে এসেছে ভারতের লোকসভা নির্বাচনের সময়। ২০১৯ এর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া নজর রাখতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। ইতোমধ্যেই আদর্শ আচরণ বিধি নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় বড় মাপের পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ৬৮৭টি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুক থেকে।

সোশ্যাল মিডিয়ায় সংযত আচরণবিধির উপর জোর দেওয়ার জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক থেকে সরিয়ে ফেলা সবগুলো পেজ ও অ্যাকাউন্ট যুক্ত ছিল ভারতের জনপ্রিয় রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে। জানা যায়, দেশটির প্রায় ৩০০ মিলিয়ন ব্যবহারকারী ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর সঙ্গে যুক্ত ছিল।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, একই ব্যক্তির নিজস্ব প্রোফাইল ছাড়া একাধিক ভুয়া প্রোফাইল পরিচালনা করছে। নিজের প্রোফাইল ছাড়াও ভুয়া প্রোফাইলগুলো কংগ্রেসের সঙ্গে যুক্ত পেজগুলোতেও যুক্ত ছিল তারা। ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় বিভিন্ন সংবাদ শেয়ার করার পাশাপাশি বিরোধী দলগুলোর নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্যই মূলত এই ভুয়া প্রোফাইলগুলো তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইত্তেফাক/আরকেজি