মাগুরা শালিখা উপজেলার সীমাখালীতে ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় রজব আলী বিশ্বাস নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের ছেলে খোকন বিশ্বাস বাদী হয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মৃত ছোবহান মোল্লার ছেলে আমজাদ মোল্লা, কেরামত মোল্লা, মৃত বুধোই মোল্লার ছেলে ওহাব এবং ওই উপজেলার খুদড়া গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে ফসিয়ার রহমানকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি সমন্বয়ক, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মামলার বাদী পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সমর জোয়ারদার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, 'আদালত মামলাটি সমন্বয়ক, তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দিয়েছেন।'
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামীরা স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ আগস্ট মাগুরার শালিখার সীমাখালী বাজারের পাশে তার বাড়ি সংলপ্ন আমবাগানে দাড়িয়ে ছিলেন রজব আলী। তখন আমজাদ মোল্লার নেতৃত্বে আসামীরাসহ আরো ১০/১২জন তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে।
আসামীরা বাদীর পিতাকে যশোর জেলার বাঘারপাড়ার চাঁদপুর গ্রামে ইফাজ মোল্লার আমবাগানের দক্ষিণ পাশে নিয়ে গামছা দিয়ে রজব আলীর চোখ এবং দড়ি দিয়ে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করে।