সিলেটের শিববাড়ীতে সেই ‘আতিয়া মহলে’র ভাড়াটিয়ারা অবশেষে প্রায় পক্ষকাল পরে নিজ ঘরে ফিরে আসলেন। কর্মকর্তাদের উপস্থিতিতে আতিয়া মহলের ভাড়াটিয়াদের কাছে মালামাল বুঝিয়ে দিয়েছে পুলিশ। তবে জঙ্গি দমন অভিযানের পর আতিয়া মহলটি ঝাঁজরা হয়ে আছে। দেখতে বিধ্বস্ত এই ভবনটিতে বসবাস কতটুকু নিরাপদ হবে তাও পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার বলে অনেকেই মনে করেন। যেহেতু সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা তাই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় পুলিশ তালিকা অনুযায়ী আতিয়া মহলের ২৮ পরিবারের মধ্যে এ মালামাল হস্তান্তর প্রক্রিয়া শুরু করে। তবে অধিকাংশ মালামালই বোমা আর গুলির আঘাতে নষ্ট হয়ে গেছে বলে জানান ঐ মহলের বাসিন্দারা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, আমরা তালিকা অনুযায়ী একে একে সবাইকে ডেকে তাদের মালামাল বুঝিয়ে দিচ্ছি।
গত ২৪ মার্চ ভোর রাতে এই আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। ঐ রাত থেকে ভবনটি ঘিরে রাখার পর ২৫ মার্চ সকাল থেকে অপারেশন ‘টোয়াইলাইট’ নাম দিয়ে অভিযানে নামে সেনাবাহিনীর প্যারাকমান্ডো। প্রথমে আতিয়া মহলের ৩০টি ফ্ল্যাটে আটকে পড়া ২৮টি পরিবারের ৭৮ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কাউছার