চৌগাছায় দুইগ্রুপের বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীসহ নিহত ২

 
যশোরের চৌগাছা উপজেলার নিমতলা বাজার এলাকায় 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। দুই গ্রুপের সংঘর্ষে নিহত এই দুজনের মধ্যে একজন যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী এক্সের আলী (৫০)। তিনি উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুস সাত্তার ধাবকের পুত্র বর্তমানে যশোর শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা এবং অন্যজন তার গাড়ী চালক আবু সাঈদ ওরফে সাইদুল ইসলাম (৩০)। চৌগাছা পৌর এলাকার বাকপাড়া গ্রামের কহিনুর হোসেনের পুত্র তিনি।
 
চৌগাছা থানার এসআই ওয়াহেদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমাদের কাছে খবর আসে যশোর-চৌগাছা সড়কের নিমতলা এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত দুজনের লাশ উদ্ধার করা হয়। দুজনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে।’
 
পুলিশ লাশ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেড়শ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। তিনি আরও জানান, ‘লাশ উদ্ধারের সময় স্থানীয়রা তাদের চিনতে পারেনি। সেকারণে তাদের পরিচয় আমরা বলতে পারছি না।’
 
এদিকে বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালে নিহত একছের আলীর ভাই সেরেস্তালী ও বোন নূরজাহান জানান, চৌগাছায় দুজনের লাশ উদ্ধারের খবর শুনে তারা হাসপাতালে এসেছেন। তারা ভাইয়ের লাশ শনাক্ত করে বলেন, ‘আমার ভাইয়ের মোবাইল ফোন মঙ্গলবার ভোর থেকে বন্ধ রয়েছে। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’
 
আর চৌগাছার ট্যাক্সিচালক রেজাউল নিহত সাইদুলের মরদেহ শনাক্ত করেছেন। নিহত সাইদুল ইসলামের পিতা কহিনুর হোসেন জানান, 'তার ছেলেকে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে কাবিলপুর গ্রামের সাঈদ বাড়ি ডেকে নিয়ে যায়। এসময় আমি বাধা দিলেও কাবিলপুরের সাঈদ আমাকে বলে অসুবিধা নেই, আমরা সবাইতো একসাথে কাজ করি।' আর তারপর ভোরে ছেলের নিহত হওয়ার খবর পান তিনি।
 
ইত্তেফাক/রাফাত