সিরিয় যুদ্ধ: আসাদকে সমর্থন না দিতে রাশিয়াকে টিলারসনের আহ্বান

মস্কোতে সিরিয় যুদ্ধ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আসাদ সরকারকে সমর্থন না দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত সপ্তাহে সিরিয়ায় সন্দেহজনক রাসায়নিক হামলা ও পরবর্তীতে এর জবাবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে রাশিয়া-মার্কিন উত্তেজনা বৃদ্ধি পায়। 
 
সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির দীর্ঘদিনের মিত্র রাশিয়া দামেস্কের পক্ষে অবস্থান নেয়। যদিও সিরিয়াতে নতুন কোনো গৃহযুদ্ধ বাধানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
 
তবে গত মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের নির্মূল না করা পর্যন্ত সেখানে মার্কিন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জিম ম্যাটিস এক বক্তব্যে বলেছেন, ‘সিরিয়া প্রসঙ্গে আমাদের সামরিক নীতির কোনো পরিবর্তন হবেনা।’ বিবিসি।
 
ইত্তেফাক/সেতু