রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের (আইবিএমসি) শিক্ষার্থী ও মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে নগরীর শাহ্ মখদুম থানায় হত্যা মামলা হয়েছে।
সোমবার রাউধার পিতা মোহাম্মদ আথিফের দাখিল করা আর্জির কপিসহ আদালতের আদেশ মঙ্গলবার বিকেলে নগরীর শাহ্ মখদুম থানায় পৌঁছে। এরপর আর্জিটি পুলিশ এফআইআর হিসেবে রেকর্ড করে।
এদিকে রাউধা আথিফ 'আত্মহত্যা' করেছেন বলে উপাধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল মুকিত সরকারের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। অন্যদিকে আইবিএমসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ভারতের কাশ্মীরের মেয়ে সিরাত পারভীন মাহমুদ তার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আইবিএমসি কর্তৃপক্ষের মাধ্যমে তিনি সাংবাদিকদের জানান, রাউধার মৃত্যুর সঙ্গে তার কোনো ধরণের সম্পর্ক নেই।
এ ব্যাপারে নগরীর শাহ্ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, থানার এক পরিদর্শক এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন। তবে একমাত্র আসামি সিরাত পারভীনকে গ্রেফতারের বিষয়ে কোনো মন্তব্য করেননি ওসি। এর আগে গত ২৯ মার্চ লাশ উদ্ধারের দিন নগরীর শাহ্ মখদুম থানায় দায়েরকৃত অপমৃত্যুর অপর মামলাটি গত ২ এপ্রিল মহানগর গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান