মুফতি হান্নানের সঙ্গে শেষ সাক্ষাৎ কারাবন্দী দুই ভাইয়ের

 
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের সঙ্গে তার কারাবন্দী দুই ভাই শেষ দেখা করেছেন।
 
বুধবার দুপুর দুইটার দিকে তাদের সঙ্গে মুফতি হান্নানের সাক্ষাৎ করানো হয়। এরা হলেন, একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দি মো. মহিবুল ও গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি মো. আনিস।
 
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে বুধবার সকালে মুফতি হান্নানের বড় ভাই আলি উজ্জামান মুন্সি, মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভিন রুমা, বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এ মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর আদালত পাঁচ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
 
ইত্তেফাক/জামান