ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এডুকেশন সেক্টর বাজেট সাপোর্ট কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষা-উন্নয়ন খাতে ৫০ মিলিয়ন ইউরো প্রদানের আগ্রহ ব্যক্ত করেছে। ইইউ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাতকালে এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করে।
সাক্ষাৎকালে বাংলাদেশে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং এবং দক্ষতা উন্নয়নে ইইউ-এর সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে হেড অভ্ কো-অপারেশন ম্যারিও রনকনি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগের টিম লিডার জারজেন হেইমেন এবং প্রোগ্রাম ম্যানেজার মিজ মেরিম এল হারোওচী প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন।
বৈঠকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) এবং দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত কর্ম পরিকল্পনা, এ খাতের উন্নয়নে ইইউ’র সুনির্দিষ্ট করণীয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ স্থাপন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।