মমতাকে হত্যায় ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি হত্যা করলে পুরস্কার হিসেবে ১১ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে বিজেপি নেতা যোগেশ ভারসনে। বিজেপির যুব মোর্চার ওই নেতার মন্তব্য প্রকাশ্যে আসার পর গোটা ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে ।
 
হিন্দুস্তান টাইমস, আন্দবাজারসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এই তথ্য জানায়।
 
উত্তরপ্রদেশের আলিগড়ে মঙ্গলবার ওই যুব নেতা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা কেটে আনা ব্যক্তিকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’ কারণ হিসেবে ওই নেতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে মমতা তার রাজ্যে সরস্বতী পুজো করতে দেন না, রাম নবমী এবং হনুমান জয়ন্তীতে সমাবেশ করতে দেন না। মুসলমান সম্প্রদায়েরই তোষণ করে যাচ্ছেন তিনি। কাজেই তিনি চরম শাস্তি পাওয়ার যোগ্য।
 
বিজেপি নেতার এই বক্তব্য প্রকাশের পর ভারতজুরে নিন্দার ঝড় উঠেছে। সাংসদ জয়া বচ্চন, কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নাকাভী, তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
 
 
মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী পালন করে বিজেপি। কিন্তু, বীরভূমের সিউড়িতে অনুমতি না নিয়ে মিছিল করায় পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের উপর লাঠি চার্জ করে।
 
যোগেশ সেই ঘটনার উল্লেখ করে, বলেন, ‘বীরভূমে মমতার সরকার হনুমান জয়ন্তীর মিছিলে যে ভাবে লোকজনকে রাস্তায় ফেলে পিটিয়েছে, তা বলার নয়। আমি বুঝতে পারি না, মমতা ইফতার পার্টির আয়োজন করেন। সব সময় মুসলমানের পাশে থাকেন। কিন্তু, হিন্দুরা কি মানুষ নয়?’
 
বীরভূমের ঘটনার ভিডিও নাকি দেখেছেন যোগেশ। যা দেখে তার চোখে জল এসে গিয়েছিল। তিনি বলেন, ‘যে ভাবে হনুমান-ভক্তদের উপর লাঠি চালানো হচ্ছিল, কারও ভিতর যদি মানবতার এতটুকুও অবশিষ্ট থাকে, তবে এ ভাবে কাউকে মারা যায় না।’ যোগেশ সিউড়ির ঘটনার কথা উল্লেখ করেছেন। 
 
হনুমান জয়ন্তী উপলক্ষে ওই দিন সকালে সিউড়ির বড়বাগান থেকে মিছিল বের করেন শতাধিক মানুষ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না। বরং মিছিল যাতে না হয় সে জন্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে অনুরোধ পর্যন্ত করেছিল প্রশাসন। তা সত্ত্বেও মিছিল বেরোয় এবং একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হয়। তাই বাধা দেয় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করা হয়। সেই ঘটনার ভিডিও দেখেই যোগেশ ওই মন্তব্য করেন। গোটা ঘটনার জন্য তিনি মমতা ব্যানার্জীকে দায়ি করেছেন বিজেপি যুব নেতা। হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।
 
ইত্তেফাক/রেজা