চবিতে বৈশাখী উপলক্ষে আঁকা দেয়াল চিত্র নষ্ট করলো দুর্বৃত্তরা

 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার বিভিন্ন ঐতিহ্যের আঁকা চিত্র মবিল দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার রাত ১টার দিকে চবির চারুকলা ইনস্টিটিউটের প্রবেশমুখ ও তার বিপরীত পাহাড়ের সঙ্গে লাগোয়া দেয়ালের চিত্র নষ্ট করে পালিয়ে যায়।
 
চারুকলা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী জানান, বৈশাখী উপলক্ষে তারা বেশ কিছুদিন ধরে মধ্যরাত অবধি ক্যাম্পাসে শিক্ষকদের নির্দেশনায় নানা শিল্পকর্ম চিত্রায়িত করছে। হঠাৎকরে মঙ্গলবার রাতে গোলপাহাড়ের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন যুবক এসে গালিগালাজ করে আঁকা সাঁওতালি পটচিত্রে পোড়া মবিল ছিটিয়ে নষ্ট করে। এসময় তারা চিৎকার করে বলে এগুলো কেন আঁকলি? চিৎকার শুনে ক্যাম্পাসের ভেতর থেকে কেউ বের হতে না হতেই তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে চট্টেশ্বরী রোডের দিকে চলে যায়।
IMG0
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন সাংবাদিকদের জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শিগগিরই শনাক্ত করা হবে। তবে আভ্যন্তরীণ কোন কোন্দল আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/জামান