খাগড়াছড়ির গুইমারায় চাঁদা আদায়কালে দুই উপজাতীয় যুবককে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে চাঁদার প্রায় পৌনে ৩ লক্ষ টাকা ও তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বুধবার উপজেলার কালাপানি এলাকায় সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শহিদুর রহমানের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। তারা রাপ্রুচাই মারমা (২২) পিতা. নিঅং মারমা (ভান্তে) ও নিপুই মারমা (১৮), পিতা. মংক্যা মরামাকে আটক করে। তারা গুইমারার কালাপানি এলাকার বাসিন্দা।
সুত্র জানায়, আটককৃতদের কাছ থেকে নগদ ২লক্ষ ৮২ হাজার ৭’শ টাকা, চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মোবাইল সেট ও ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। বিকালে উদ্ধারকৃত টাকা ও মোটর সাইকেলসহ আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবাইরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলার প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, আটককৃতরা ইউপিডিএফের চাঁদা কালেক্টর।
ইত্তেফাক/নূহু