কুমিল্লায় জুতার সূত্র ধরে পত্রিকা বিক্রেতার ঘাতক গ্রেফতার

 
কুমিল্লায় পত্রিকা বিক্রেতা ফারুক হোসেনের ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনাস্থলে ফেলে যাওয়া ঘাতকের জুতার সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ সোলেমানকে গ্রেফতার করে। সোলেমানের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন বাবু বাজার এলাকায় পত্রিকা বিক্রেতা (হকার) ফারুক হোসেন (২৬) খুন হন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, উদ্ধারকৃত জুতাসহ অন্যান্য আলামতের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলেমানকে গ্রেফতার করা হয়েছে। সোলেমান একজন চিহ্নিত সন্ত্রাসী।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে ফারুক পত্রিকা আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোডের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
 
ইত্তেফাক/রাফাত