সিলেট ক্রিকেট স্টেডিয়ামে কী করছেন নিরব-আইরিন

 
সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাস কিংবা দর্শক গ্যালারী, সবটাই যেন অভিনেতা নিরব হোসেন ও অভিনেত্রী আইরিনের দখলে। মাঠ-জুড়ে তাদের ভালবাসা, গ্যালারী-জুড়ে তাদের প্রেমের প্রতিচ্ছবি দেখা গেল।
 
কাহিনী কী? ভাবছেন! হ্যাঁ, নিরব-আইরিন ছাড়া পুরো স্টেডিয়ামে আর কোন প্লেয়ার বা দর্শক দেখা গেল না। ওখানে তারা কী করছেন! জানা গেল তার বিস্তারিতও।
 
নিরব-আইরিন বর্তমানে অবস্থান করছেন সিলেটে। প্রথমবারের মতো নিরব-আইরিন জুটি কাজ করছেন ‘রৌদ্রছায়া’ শিরোনামের ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন বুলবুল জিলানী। গতমাসের ২৫ তারিখ মূলত শুটিং শুরু হয়েছে, এরপর থেকে চলছে, আগামী ২২ এপ্রিল পর্যন্ত শুটিং হবে। এরপর গানের শুটিং করা হবে।
IMG0
স্টেডিয়ামে শুটিং নিয়ে নিরব বলেন, ‘সকাল থেকে রোদের মধ্যে কন্টিনিউ শট দিতে হয়েছে। এরমধ্যে বিরতি বলতে তিনবার পোশাক পরিবর্তন করতে হয়েছে। এই তিনবার  ও খাবার বিরতিতে একটু রোদ থেকে মুক্তি পেয়েছি। এছাড়া আমি আর আইরিন টানা ৯ ঘণ্টা রোদে জ্বলে পুড়ে শট অনবরত শট দিয়েই গেছি।’
 
‘রৌদ্রছায়া’র গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের, তার পরবর্তী কয়েক বছর এবং বর্তমান সময়কে ঘিরে। এই তিন প্রেক্ষাপটে চমৎকার একটি কাহিনী দেখবেন দর্শক। আইরিন বলেন, আমি যে ধরণের চরিত্রে অভিনয় করছি সেটা একেবারেই নতুন। নতুন লুকেও দর্শকরা বৈচিত্র্য পাবেন।
 
রৌদ্রছায়া’য় আরো অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সুষমা সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর