জলযাত্রায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান উৎসব

 
বাংলাদেশের টেলিভিশন-চলচ্চিত্র দর্শক, বেতার শ্রোতা এবং পত্রিকা পাঠকদের সংগঠন ‘দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশন’ ‘জলযাত্রায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক ও গান উৎসব ২০১৭’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
 
প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এই উৎসবে দেশের নৌযানগুলোতে দর্শকদের জন্য কালোত্তীর্ণ চলচ্চিত্র এবং নন্দিত টেলিভিশন নাটক ও গান প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পুরো পরিকল্পনায় থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও ইমপ্রেস টেলিফিল্ম লি:।
 
এ উপলক্ষে ১৩ এপ্রিল তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহাম্মদ বীর বিক্রম ও দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক জিয়াউল হাসান কিসলু।
 
নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। পরে ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, নাটক, গানের ডিভিডি নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শক-শ্রোতা-পাঠক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদুল আলম সাচ্চু, অভিনেত্রী রোকেয়া প্রাচী-সহ অনেকে।
 
ইত্তেফাক/আনিসুর