নেত্রকোনার হাওড়দ্বীপ খালিয়াজুরীতে বন্যায় ফসল তলিয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের সুরুজ আলী মিয়ার ছেলে জামির মিয়া (৬০) পাঁচ একর জমিতে লাখ টাকার বেশি খরচ করে বোরো চাষ করেছিলেন। বন্যায় শতভাগ ফসল তলিয়ে যাওয়ার কারণে সাত সদস্যের পরিবারের ভরণ-পোষণের অতিরিক্ত দুশ্চিন্তায় সোমবার তার বুকে হঠাৎ ব্যথা ওঠে। এটি বাড়তে থাকলে গত বুধবার ভোরে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করার পর সেই রাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামির মিয়ার মৃত্যু হয়।
এদিকে, একই ইউনিয়নে কল্যাণপুর গ্রামের হাজী চান মিয়ার ছেলে আরব আলী (৭০) সুদ নিয়ে প্রায় দেড় লাখ টাকা খরচ করে আট একর বোরো চাষ করেন। তার ফসল তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। এরই মাঝে বুধবার সকালে নিজ বাড়িতে আকস্মিক বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আরব আলী। এতে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইউএনও মোহাম্মদ তোফোয়েল আহমেদ জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি জেনেছেন এবং এব্যাপারে আরো খোঁজ নিচ্ছেন বলে জানান।
ইত্তেফাক/জামান