যশোরের গদখালী ফুলের হাটে নববর্ষ উপলক্ষে এবার তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা গদখালীর ফুল হাটে নববর্ষের চার-পাঁচ দিন আগে থেকে আসতে থাকে। তারা এই হাট থেকে বিপুল পরিমাণ গোলাপ, রজনীগন্ধা, গ্যান্ডরিয়া, জারবেরা, গাঁদা, ক্যালোনন্ডোলাসহ, লিলিয়াম, গ্লাডিউলাস, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল কিনছেন।
অন্যান্যবারের মতো ফুলের চাহিদা বেশি ও দাম দ্বিগুণ হওয়া সত্ত্বেও নববর্ষের দিনেও ফুল বিক্রি হবে বলে চাষিরা জানিয়েছেন। এ হাটে আসা ঢাকার ফুল ব্যবসায়ী সাহেব আলী জানান, দেশের বিভিন্ন স্থানে হাট থাকা সত্ত্বেও এখানকার ফুলের মান ভালো হওয়ায় চাহিদা অনেক বেশি।
স্থানীয় ফুলচাষি সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, অনুকূল আবহাওয়ার কারণে ফলন বেশি হওয়ায় ফুল চাষিরা গতবছরের মতো এবারও লাভবান হয়েছে। এবার গদখালী হাটে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে এ বিক্রি অব্যাহত রয়েছে যা অতীতের সকল রেকর্ড পার হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
ইত্তেফাক/জামান