লক্ষ্মীপুরে ঘুষ গ্রহণের অভিযোগ জেলারের বিরুদ্ধে

 
লক্ষ্মীপুরে জামিনে মুক্ত আসামীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে কারাগারের জেলার শরীফুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
 
আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালককে তদন্তের আদেশ দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এ আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা যায়, গত ২এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আলাউদ্দিন। জামিনের কপি লক্ষ্মীপুর কারাগারে পৌঁছুলে জেলার শরীফুল ইসলাম তাকে পুলিশে তুলে দেয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে আলাউদ্দিন স্বজনদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে জেলারকে দেয়ার পর ছাড়া পান বলে মামলায় উল্লেখ করা হয়।
 
বাদীর আইনজীবী আব্দুর রহিম গাজী জেলার শরীফুল ইসলামের বিরুদ্ধে মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান