আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পহেলা বৈশাখে শোভাযাত্রা আলপনা আঁকা এটি আমাদেরই স্বংস্কৃতিরিই অংশ। সংস্কৃতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার অপচেষ্টা চালিয়ে কেউ সফল হতে পারবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ভারতীয় সফর সম্পর্কের নতুন দিগন্ত শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বৈশাখ উপলক্ষে আবহমান বাংলায় যুগ যুগ ধরে বৈশাখী মেলা হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আলপনা আঁকছে। যারা এসব নিয়ে প্রশ্ন তোলে তারা অজ্ঞাতপ্রসূতই তোলে, এবং ধর্মের সঠিক ব্যখ্যা তাদের জানা নেই।
তিনি আরো বলেন, সৌদি আরবে মুসলিমরা উলুধ্বনি দেয়, ইন্দোনেশিয়ার মুসলিমরাও একই কাজ করে। কারণ এটি তাদের স্বংস্কৃতির অংশ। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোতে তাদের ইতিহাস-ঐতিহ্য অনুযায়ী উৎসব পালন করা হয়। আমাদের দেশেও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসব হয় এবং এবারো হবে। এবারের বৈশাখি উৎসবে বাঙালির বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্ঠান সকল ভেদাভেদ ভুলে বরাবরের ন্যায় এবারো সবাই উৎসবে অংশগ্রহণ করবে। আর যারা এটি নিয়ে কথা বলে, তারা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করতে চায়।
ন্যশনাল আওয়ামী পার্টি সভাপতি এম.এ. ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
ইত্তেফাক/ইউবি