রাজধানীর কদমতলী এলাকায় সিএনজি চালক আবুল হোসেন ওরফে আবুলকে হত্যার অভিযোগে তিনজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন মো. আবুল কালাম ওরফে আবুল, মো. আমজাদ হোসেন (পলাতক) ও মো. আমির হোসেন (পলাতক)।
আসামিদের হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ড দেয়া হয়।
হত্যার পর আলামত নষ্ট করার দায়ে প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আসামিদের বিরুদ্ধে সিএনজি চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া চোরাইমাল রাখার অভিযোগে আসামি আমির ও আমজাদকে দুই বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৪ জুন আসামি আমজাদ ও আমির সিএনজি ভাড়া করে। পরে রাজধানীর কদমতলী থানাধীন ইম্পেরিয়াল পেইন্ট কারখানার ভেতরে নিয়ে দারোয়ানা আবুল কালামের সহযোগিতায় সিএনজিচালককে হত্যা করা হয়।
ইত্তেফাক/ইউবি