হাতিরঝিলে এ্যাম্ফিথিয়েটার মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেইন উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হাতিরঝিলে নগরবাসীর চিত্তবিনোদনের জন্য গ্রান্ড মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেইন এবং এ্যাম্ফিথিয়েটার উদ্বোধন করেছেন। গতকাল বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে বলেন, গ্রান্ড মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেইন ও এ্যাম্ফিথিয়েটার হচ্ছে নগরবাসী ও দেশবাসীকে তার নববর্ষের উপহার। এই এ্যাম্পিথিয়েটার ও ড্যান্সিং ফাউন্টেশনের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে ২ হাজার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও ঢাকা ওয়াসার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন প্রকল্পটি বাস্তবায়ন করে। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ বলে নির্মাতারা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্ন রাখায় যত্নবান হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

এ্যাম্ফিথিয়েটারের বিভিন্ন দিক তুলে ধরে প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈয়ী মোহাম্মদ মাসুদ বলেন, এ্যাম্ফিথিয়েটার নির্মাণ কৌশল দৃষ্টিনন্দন করে তুলতে এটি দেখতে পাপড়িসহ ফুলের মতো, বৃত্তাকার কাঠামো এবং ডিজাইন কালারফুল। পাশাপাশি ১২০ মিটার দৈর্ঘ্যের বর্ণিল ফোয়ারা নির্মাণ করা হচ্ছে এবং এই কাঠামো এমন পরিবেশ তৈরি করবে যে দর্শকদের মনে হবে মঞ্চটি পানির ওপর ভাসছে। বর্ণিল ঝরনায় সময়-নিয়ন্ত্রিত সাউন্ড ওয়েভ এবং মিউজিক্যাল ট্রাক একটি ত্রিমাত্রিক কাঠামো তৈরি করেছে।

গণভবনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন।

 

ইত্তেফাক/নূহু