মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইটভাটায় সন্দেহভাজন দুই চাঁদাবাজ নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। তবে নিহত দুজনের পরিচয় মেলেনি। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান, দুটি কার্তুজ, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠের মধ্যে থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায়। পুলিশের দলটি সেখানে পৌঁছুলে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে চাঁদবাজ-সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা গুলির জবাব দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় সন্ত্রাসীরা পিছু হটে গেলে সেখান থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু