সিলেটে নববর্ষ পালন

 

এবার চৈত্রের শেষে বর্ষণ আর পাহাড়ি ঢলে বাধ ভেঙ্গে ভাটির জনপদে বোরো ফসল তলিয়ে যাওয়ার বেদনায় ভারাক্রান্ত মানুষের মন। কয়েক লাখ কৃষক এক গোটা ধানও তুলতে পারবে না। নববর্ষে তাদের আনন্দে ভাটা। বেদনায় ভারাক্রান্ত মানুষের মন। তবুও সিলেটের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নববর্ষ। প্রত্যেকে নিজ অবস্থান থেকেই পালন করছে ঐতিহ্যবাহী এই দিনটি।

 
সিলেট মহানগরীতে বৃহস্পতিবার বিকেলে নগরীর চাঁদনীঘাটে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট'র আয়োজনে পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হয়। আর তৃণমূল নারী উদ্যোক্তাদের আয়োজনে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গত ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ডের কাউন্সিলার ও যুবলীগ নেতা আজাদুর রহমান আজাদের ব্যতিক্রমী আয়োজন। ১লা বৈশাখ উপলক্ষে তিনি আবহমান বাংলার প্রায় বিলুপ্ত দুটি খেলা আয়োজন করেছেন। খেলা দুটি হচ্ছে, গাইয়াগুটি ও মার্বেল খেলা। টিলাগড় পয়েন্ট সংলগ্ন ফুটসাল মাঠে পহেলা বৈশাখ খেলা দুটি অনুষ্ঠিত হবে এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
 
সিলেট নগরীর মিরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজে আনন্দলোক আয়োজন করেছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সকাল ৭টা থেকেই অনুষ্ঠান শুরু হয়।
 
মিরাবাজারস্থ মডেল হাই স্কুল প্রাঙ্গণে উদীচী সিলেট জেলা সংসদ উদযাপন করতে যাচ্ছে বর্ষবরণ উৎসব। সকাল সাড়ে ৯টায় উৎসব শুরু হওয়ার কথা। পরে নগরীতে একটি মঙ্গল শোভাযাত্রা বের করবে তারা।
 
পহেলা বৈশাখে প্রতিবছরের মত এবারও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি। ওই দিন সকাল ৬টায় নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে (প্রাথমিক শাখা) শত কণ্ঠে বর্ষবরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে।
 
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মাঙ্গলিক উদ্বোধন, সম্মেলিত সঙ্গীত, রাধারমনের গান, শাহ আব্দুল করিম শাহর গান, আবৃত্তি, নৃত্য, বাউল গান ও দিনব্যাপী বৈশাখী মেলা। এছাড়া সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
 
বাংলা বর্ষবরণ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আঁকা হচ্ছে ক্যাম্পাসের বড় আলপনা। এ ছাড়া মঙ্গল শোভাযাত্রা, দিনব্যাপী বৈশাখী মেলা, বাউল গানের আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
 
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মদন মোহন কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা শিল্পকলা একাডেমী বৈশাখকে বরণে আয়োজন করেছে দিনব্যাপী বর্ষবরণ উৎসব। উৎসব প্রাঙ্গণ অপরূপ সাজে সজ্জিত করেছে একাডেমীর চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে মাঙ্গলিক শুভ উদ্বোধন হবে বর্ষবরণ উৎসবের। দিনব্যাপী পরিবেশিত হবে বৈশাখের গান, লোকসংগীত, কাঠিনৃত্য, ঝুমুরনৃত্য, লোকনৃত্য, লাঠি খেলা, একক ও সম্মেলিত সংগীত, বৃন্দ আবৃত্তি, জারিগান, ধামাইল, মনিপুরী নৃত্য, আবৃত্তি, বাউলগান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
 
এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পৃথকভাবে আয়োজন করেছে অনুষ্ঠান মালার। পাশাপাশি এদিন এম সি কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে হবে মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং, মেট্রোপলিটন, নর্থ ইস্ট এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজেও নববর্ষ উপলক্ষে  মঙ্গল শোভাযাত্রা, লোকগীতি উৎসব, মঞ্চ নাটক, বৈশাখী মেলার সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
ইত্তেফাক/রাফাত