জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা

‘মাছে ভাতে বাঙালি’- স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাবর্ষ ১৪২৪ বরণ করে নিয়েছে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে।এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘জাতীয় মাছ ইলিশ’।
 
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। এ শোভাযাত্রাটি পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্ক, রায় সাহেব বাজারসহ বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। 
 
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান চলবে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া পুরনো ঢাকার ‘পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে’ মেলা চলবে দিনব্যাপী।
 
মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এই শোভা যাত্রাটির সার্বিক নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আকতারুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার জিহাদ হোসেন, জাহিদুল ইসলাম প্রমুখ। সহযোগিতায় ছিলেন, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। IMG0
 
জবি কেন্দ্রীক শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, জবি শাখা ছাত্রলীগ নেতাকর্মী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, বিএনসিসি, রোভার, বাঁধন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র , আবৃত্তি সংসদ, চলচ্চিত্র সংসদ, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারী ছাড়াও পুরান ঢাকাবাসী অংশ নেন। 
 
পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ৪০টি প্রতিষ্ঠান যেমন ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো এতে অংশ গ্রহণ করে। শোভাযাত্রায় পুতুল, পাখি, বাঘ, পেঁচা ও রাজা-রানীর মুখোশ, ঘোড়া ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত বছরগুলোর মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বাঘ ও বক, হাতি, কচ্ছপ ও খরগোশ শোভাযাত্রায় স্থান পেয়েছে। বাসস।