ফরিদপুরে ইয়াবাসহ আটক ১

 
ফরিদপুরে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. সুমন সরদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার বেলা দেড়টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের ওহাব সরদারের ছেলে।
 
র‌্যাব-৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদস্যরা খুলনা-ঢাকা মহসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। বেলা দেড়টার দিকে ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৪৮৮) থেকে সুমনকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা শপিং ব্যাগে ফলের নিচ থেকে চার হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা (এমফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
আটক সুমন ফরিদপুরের মধুখালী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে আটক সুমনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।  
 
ইত্তেফাক/কাউছার