‘কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যত, জোছনা নিলাম, নিয়মে অনিয়মে, দহনে বা ধারণে’ ইশতিয়াক আহমেদ’র এই কথাগুলো মিনারের কণ্ঠে প্রকাশের পরই বাজিমাত, শ্রোতা-দর্শকদের ব্যাপক সাড়া।
আর সেই সাড়ার সাক্ষাৎ মিলবে গানটির লিরিকাল ভিডিওর দর্শক দেখতে গেলে। প্রায় ১০ লাখ মানুষ এখন পর্যন্ত সেখানে ঢু মেরেছেন। তবে দর্শক-ভক্তদের প্রত্যাশা ছিল গানটির মূল ভিডিও কবে আসবে। শিল্পী কিংবা গীতিকারকে অনেকে এটা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
এই ভালবাসায় নতুন করে এসেছে ‘কারণে অকারণে’র মিউজিক ভিডিও। চৈত্র সংক্রান্তি শেষ হতে না হতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পায় মিউজিক ভিডিওটি।
সুর ও কণ্ঠে মিনার রহমান, লিখেছেন গীতিকার-লেখক ইশতিয়াক আহমেদ। মিউজিক শাকের রাজা’র আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ভিডিওটি ইউটিউবে এসেছে ঈগল মিউজিকের ব্যানারে।
IMG0
ইশতিয়াক আহমেদ বলেন, ‘শ্রোতাদের খুব চাওয়া ছিলো এই গানটির ভিডিও। একটা গল্প নির্ভর ভিডিও প্রকাশ সম্ভব হয়েছে। এবং চিত্রায়নে বেশ বৈচিত্র ছিলো।’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অদিতি মাহমুদ ও নাদিয়া খানম নদী। ভিডিওটি নিয়ে দর্শক সাড়াও বেশ ইতিবাচক।
উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিনার রহমান ‘সাদা’ গান দিয়েই আলোচনায় আসেন। এরপর একেএকে আড়ি, আরও একটু দূরে কিংবা সবশেষ প্রকাশিত ঝুম গান দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন।
কারণে অকারণে নিয়ে মিনার বলছেন, ‘আমার প্রতীক্ষা ভালো। মানুষ গানটা খুব পছন্দ করেছে। এটাই সবচেয়ে পজিটিভ ব্যাপার। আশা করছি নতুন মিউজিক ভিডিওটা দর্শকরা পছন্দ করবেন।’
ভালবাসা দিবসে প্রকাশিত হয় ‘কারণে অকারণে’ শিরোনামের তিন গানের বিশেষ ইপি, অন্যদুটি গান হলো ‘কেউ’ এবং ‘ঢাকা’।
ইত্তেফাক/আনিসুর