অনিমেষ আইচের সিনেমা ‘ভয়ংকর সুন্দর’। সেন্সরবোর্ড থেকে কিছুটা কাঁচি চালালেও অবশেষে সার্টিফিকেট হাতে পেয়েছেন ছবির পরিচালক অনিমেষ আইচ। সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা নিয়েও ধোঁয়াশা দূর না হলেও ঈদের পর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
এ বিষয়ে ইত্তেফাক বিনোদনকে অনিমেষ আইচ জানিয়েছেন, ‘সপ্তাহ-খানেকের মধ্যে সংবাদ সম্মেলনে গান, পোস্টার, মুক্তির দিনক্ষণ নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে এখুনিই মুক্তি পাচ্ছে না, ঈদের পরেই মুক্তি দেয়া হবে।’
উল্লেখ্য, ১৩ এপ্রিল প্রকাশ করা হয়েছে ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার প্রথম গান। ‘ফিরবো না আর ঘরে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ।
ছবিতে কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের নাট্যাভিনেত্রী ভাবনা মূল চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এ ছবির ফাস্ট লুক প্রকাশ হয়। মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মাণ হয়েছে।
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ, পোশাক পরিকল্পনায় চিন্ময়ী গুপ্তা কাজ করেছেন।
ইত্তেফাক/আনিসুর