স্পোর্টিংয়ের বিপক্ষে খেলছেন না রোনাল্ডো, বেনজেমা, বেল

লা লিগায় স্পোর্টিং গিওনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এ্যাওয়ে ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল। 
 
এদের মধ্যে বেল কাফ ইনজুরিতে ভুগলেও বাকি দুজনকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মাদ্রিদ বস জিনেদিন জিদান। স্পোর্টিং এর বিপক্ষে ম্যাচের পরপরই বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখেই জিদান এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে শুক্রবার ইউরোপীয়ান প্রতিযোগিতায় শততম গোলের কৃতিত্ব অর্জণ করায় রোনাল্ডো মাদ্রিদ ম্যানেজারের প্রশংসা কুড়িয়েছেন। দলের তারকা এই স্ট্রাইকারের দুর্দান্ত ফর্মের ভূয়শী প্রশংসা করেছেন জিদান। 
 
তবে ফরোয়ার্ড লাইনের এই তিন তারকার পাশাপাশি গোলরক্ষক কেইলর নাভাসও লা লিগার ম্যাচটিতে থাকছেন না। এদিকে নিষেধাজ্ঞার কারনে ইতোমধ্যেই দল থেকে ছিটকে গেছেন ফুল-ব্যাক ডানি কারভাজাল। রাফায়েল ভারানে ও পেপে ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন। কাস্তিলার খেলোয়াড় আলাবো টেহেরোকে ১৮ সদস্যের দলে ডাকা হয়েছে। 
 
বার্সেলোনার থেকে ৩ পয়েন্ট এগিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে মাদ্রিদ। বাসস।
 
ইত্তেফাক/রেজা