‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন করা হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দিবসটি পালনে মেহেরপুরের মুজিবনগর ও রাজধানী ঢাকায় দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করে। দিবসটি স্মরণে মন্ত্রণালয় এ কর্মসূচি গ্রহণ করেছে।
 
শনিবার রাজধানীর পরিবহন পুল ভবনে অবস্থিত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মো. মাহমুদ রেজা খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী সোমবার সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হবে। দিবসটি স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। ওই দিন সকাল ৯টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুস্পস্তবক অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট ও স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ ও গার্ড অব অনার প্রদর্শন করবে।
 
সকাল সাড়ে ১০টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাসস
 
ইত্তেফাক/ইউবি