ফরিদপুরের চরভদ্রাসনের ভূবেনশ্বর শাখা নদী শনিবার সকাল সাড়ে ১০টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
নদীটি উন্মুক্ত ঘোষণার আগে জনসাধারণের উদ্দেশ্যে নিক্সন চৌধুরী বলেন, 'নদীটি বিভিন্ন সময় সরকারিভাবে লিজ দেওয়া থাকায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই নদীতে আপনারা মাছ ধরতে পারেননি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই নদীটি মাছ ধরার জন্য উন্মুক্ত করার কথা দিয়েছিলাম।' তিনি এই সম্পর্কে আরও বলেন, 'যেহেতু সরকারি নদী তাই আমি ব্যক্তিগত টাকা দিয়ে প্রতিবছর সরকারের লিজের টাকা পরিশোধ করে দিব। আজ আমি আপনাদের সামনে ওয়াদা করছি, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এই নদীতে আপনারা মাছ ধরবেন।'
IMG0
পরে এমপি নিক্সন চৌধুরী জনসাধারণকে নিয়ে নদীতে মাছ ধরার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য গোলাম রাব্বানী পান্নু কাজী, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, মো. শাহজাহান মোল্যা ও রাসেল জামান সহ হাজারো জনসাধারণ।
মাছ ধরতে আসা মো. আইয়ুব আলী ১২কেজি ওজনের বোয়াল পেয়ে ও অনুকুল বিশ্বাস ৮কেজি ওজনের রুই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, 'আমরা গরীব মানুষ চাইলেই বড় মাছ কিনে ছেলে মেয়েদের খাওয়াতে পারিনা। প্রায় ১৫ বছর আমরা এই নদীতে মাছ ধরতে পারিনাই, আজ এমপি নিক্সন চৌধুরী আমাদের জন্য এই নদীটি উন্মুক্ত করে মাছ ধরার সুযোগ দিয়েছেন।'
ইত্তেফাক/জামান