শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। দেশটিতে ঐতিহ্যবাহী উৎসব চলাকালে ৩শ’ ফুট উঁচু আবর্জনার স্তূপটি পাশের বাড়িঘরের ওপর ধসে পড়ে।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের নারী মুখপাত্র পুষ্প সোয়সা বলেন, শুক্রবারের দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় কোলোন্নাওয়া হাসপাতালে মোট ২১ জনকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
জরুরি সেবা কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ২০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ধসের ঘটনা এমন সময় ঘটল যখন শ্রীলংকায় সিংহলিজ নববর্ষ আলুথ অবরুদ্ধ পালিত হচ্ছিল। ধসের ফলে ভাগাড়ের নিকটে থাকা ৪০টি বাড়ি ধ্বংস হয়েছে। গত মাসে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বর্জ্য ধসে ১১৩ জন নিহত হয়েছিল। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির