বগুড়ায় ৮ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব) সদস্যরা বগুড়া শহরের আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার টাকা, ইয়াবা ট্যাবলেট প্যাকিং করার কাজে ব্যবহৃত একটি সেলাই মেশিন, এক প্যাকেট ফুয়েল পেপার  ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার জুড়ি অনন্তপুর গ্রামের মৃত বুলু শেখের ছেলে।
 
র‌্যাব-১২ বগুড়া স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান ৮ হাজার ইয়াবা উদ্ধারসহ মাদক বিক্রেতা রুবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
মেজর এসএম মোর্শেদ হাসান জানান, রুবেল বগুড়া শহরে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বগুড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারীভাবে ইয়াবা বেচাকেনা করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি