কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ায় গাত্রদাহ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। 
 
তিনি বলেন,‘ইসলামকে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্র দাহ হয়েছে। 
 
আজ শনিবার কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 
 
হানিফ বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি। ২০০২ সালে বেগম খালেদা জিয়া চীনের সঙ্গে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন। 
 
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান। যেহেতু তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী ,তাই উনার পাকিস্তানের সঙ্গে সবকিছু করতে ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কোন কিছু তার পছন্দ নয়। বাসস।