জঙ্গিবাদ বৃদ্ধিতে অভ্যন্তরীণ রাজনীতির ইন্ধন রয়েছে। আর জঙ্গিবাদ দমনের কৌশল নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা জ্ঞানপাপী বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে একটি জাতীয় দৈনিক আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘জঙ্গি ও মাদকের আগ্রাসন রোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন নিয়ে সমালোচনার অর্থ হলো জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তুলে বলছে, জঙ্গিদের কেন জীবিত ধরা হচ্ছে না। জঙ্গিরা অস্ত্রধারী থাকে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবিত ধরতে গেলে তারা হামলা চালায়, তখন আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ গড়তে পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। না বুঝে জঙ্গিদমন নিয়ে প্রশ্ন তোলে জ্ঞানপাপীরা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবেই হোক উগ্রবাদ নির্মূলে কাজ করবে। এক্ষেত্রে আমাদের ত্রুটি-ব্যর্থতা থাকতে পারে, কিন্তু চেষ্টার ঘাটতি থাকবে না। পহেলা বৈশাখে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বাংলা নববর্ষের প্রথমদিনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের মধ্যে শঙ্কা থাকলেও জনগণের মধ্যে ভীতি ছিল না। নগরবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।