উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে রাশিয়ার সহায়তা চেয়েছে চীন। উত্তর কোরিয়াকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের ব্যাপারে বেইজিং সতর্ক করার পর এ সহায়তা চাওয়া হয়।
উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচি জোরালো করেছে এ আশংকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে রণতরী মোতায়েন করে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়ার বিষয়ে একতরফা পদক্ষেপ নেয়ার ঘোষণা এবং তার পাল্টা ব্যবস্থা হিসেবে পিয়ংইয়ং এর ‘নির্মম’ জবাব দেয়ার হুমকির কারণে চীন এ অঞ্চলে যুদ্ধ বেঁধে যাওয়ার আশংকা প্রকাশ করে।
উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন শুক্রবার সতর্ক করে জানায়, ‘যে কোন সময়ে’ উত্তর কোরিয়াকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে যেতে পারে। এরই ধারাবাহিকতায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, সকল পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা দু’দেশের অভিন্ন লক্ষ্য। এএফপি।
ইত্তেফাক/সাব্বির