ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বিলপাড়া গ্রামে এক দম্পতিকে মাথা ন্যাড়া করে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে অপদস্ত করেছে গ্রাম্য মাতব্বররা।
এখন ওই দম্পতিকে একঘরে করে রাখা হয়েছে। গ্রাম্য শালিসে দাবি করা ৪০ হাজার টাকা সোমবারের মধ্যে পরিশোধ না করলে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে মাতব্বররা।
গত বুধবার দিনগত রাতে ফুলবাড়ীয়া উপজেলা রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের বিল পাড়ায় এ ঘটনা ঘটে । ঘটনাটি প্রকাশ হওয়ার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা দোষিদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিলেইট গ্রামের এক ব্যক্তির স্ত্রীর নামে অপবাদ দিয়ে ওই গ্রামের চন্দন বর্মণ, রূপচান, নরেন, পাইলট, পরেশ, কালি মহন বর্মণসহ আরো কয়েকজন মাতব্বর শালিস ডাকে। দীর্ঘ শালিসে অপবাদের সত্যতা পাননি মাতব্ববরা। তবুও শালিসের রায় অনুয়ায়ী ওই দম্পতিকে জুতাপেটা, উভয়ের মাথা ন্যাড়া করা ও জুতার মালা পরানোসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ৪০ হাজার টাকা সোমবারের মধ্যে না দিলে গ্রাম থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছে মাতব্ববরা।
শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, পরিবারটি প্রায় সামাজিকভাবে একঘরে। বাড়ির বাইরে গেলে অনুমতি নিতে হচ্ছে।
শালিসের এক মাতব্বর নবীন বর্মণ বলেন, ‘পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে লক্ষ্মী রানীর সর্ম্পক থাকার কারণে তার স্বামী ও শ্বশুরকে জানিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের নিয়ম অনুযায়ী তাদের বিচার এবং জরিমানা করা হয়েছে। ’
শালিসে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়নি, তাহলে কেন এমন শাস্তি দেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘সর্ম্পকের বিষয়টি আমরা শুনেছি।’
স্থানীয় ইউপি সদস্য সেকান্দর আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে ঘটনাটি খুবই দুঃখজনক।
ফুলবাড়ীয়া উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী পারভিন আখতার রেবা বলেন, ‘ঘটনাটি খুবই ন্যক্কারজনক, মধ্যযোগী বর্বরতাকে হার মানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব বলেন, ‘শালিসে স্বামী-স্ত্রীকে নির্যাতনের ঘটনায় কোন অভিযোগ পায়নি। শনিবার ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/ইউবি