ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, 'একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। যেখানেই তারা ঘাঁটি করছে, সেখানেই প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ছাত্রলীগের নেতা-কর্মীরাও জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না ছাত্রলীগ।'
শনিবার বিকেলে ধানমন্ডি ৩২-এ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ ও কলাবাগান থানার বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, 'ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ছাত্রসংগঠন। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও দুর্যোগময় মুহূর্তে ভূমিকা রেখে আসছে এই ছাত্রলীগ। ছাত্রলীগের কোনো অছাত্র, বিবাহিত ও মাদকের সঙ্গে জড়িতদের জায়গা হবে না।'
কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ।