রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় পহেলা বৈশাখে অনুষ্ঠিত হলো আলোচিত ‘রংবাজ’ সিনেমার মহরত। এ সময়ের আলোচিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে ডাক্তারের পরামর্শে হাসপাতাল থেকে এসে অংশগ্রহণ করেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। আর এই ‘রংবাজ’ সিনেমার মাধ্যমে চতুর্থবারের মতো পর্দায় জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত শাকিব-বুবলি জুটি। চলচ্চিত্রটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। সেটাকে আমি আত্মত্যাগ বলব না, আমার কাজের স্বার্থেই আমাকে তা করতে হয়েছে। আসলে চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের সবাইকে আত্মত্যাগ করতেই হয়। যাই হোক, ছবিটি আজ থেকে শুরু হয়ে গেল। আগামী ঈদ ‘রংবাজ’ময় হবে।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ এপ্রিল থেকে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং হবে। সেখানে উপস্থিত থাকবেন শাকিব-বুবলি। সেখানে টানা ১৪ দিন শুটিং করা হবে। এরপর ভারতে শুটিং করা হবে। যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের মের্সাস রূপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, অনির্দিষ্টকালের জন্য ‘রংবাজ’-এর শুটিং স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এর ব্যাখ্যা কেউ দিতে চাননি।
ইত্তেফাক/নূহু