গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে অসহযোগিতার অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন তাহমিদ হাসিব খান। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল আহসান এই রায় দেন। রায় ঘোষণার সময় তাহমিদ আদালতে উপস্থিত ছিলেন।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী তাহমিদ হাসিব খান। এই ঘটনায় করা মামলা তদন্তের জন্য কাউন্টার টেররিজম বিভাগের কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিত বক্তব্য দেয়ার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি ইচ্ছা করেই আসেননি ও কোনো বক্তব্য দেননি। পুলিশের কাউন্টার টেররিজম শাখার ডাকে সাড়া না দেয়ায় তাহমিদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে ভাটারা থানায় গত বছরের অক্টোবরে ‘নন প্রসিকিউশন’ মামলা হয়।
গতবছর ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হওয়ার পর সকালে সেখান থেকে উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে ছিলেন এই তাহমিদ। জঙ্গিদের সঙ্গে তার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও তাকে ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, গুলশান হামলার ঘটনায় তার কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি
ইত্তেফাক/মণ্ডল