লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

 
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে আসমা-উল-হুসনা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের পলোয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ আসমা এইচ এস সি পরীক্ষা দিচ্ছিলেন। আসমা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে।
 
জানা যায়, ২০১৬ সালের ২৫ এপ্রিল পূর্ব আলাদাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বেল্লাল হোসেন লিটনের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের সৌদি প্রবাসী হোসেন আহম্মদের মেয়ে কলেজ ছাত্রী আসমা-উল-হুসনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী লিটনের সঙ্গে আসমার বনিবনা হচ্ছিলোনা।
 
আসমার মা সেলিনা আক্তারের অভিযোগ, তার মেয়েকে স্বামী লিটন, দেবর আব্দুল্যাহসহ শ্বশুর-শাশুড়ি মিলে হত্যা করেছে। নিহতের চাচা মো. সহিদ একই অভিযোগ করে বলেন, তার ভাতিজীকে হত্যা করে মরদেহ বসত ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে।
 

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক মেলকাম ডি সিলভা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।