মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা : এমপি রানার জামিন স্থগিত

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি আজ রবিবার এই আদেশ দেন। আগামী ১৮ এপ্রিল এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির এ সময় উপস্থিত ছিলেন। 
 
গত ১৩ এপ্রিল বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ রানাকে জামিন দেয়। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। পরে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 
 
জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যার পর তার বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে এমপি আমানুর রহমান খান রানা, মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও তার দুই ভাইয়ের নাম উঠে আসে। এই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর ও তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। কারাগার থেকে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন রানা। প্রসঙ্গত, এর আগে কয়েকবার জামিন চেয়ে আবেদন করেন রানা। কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। 
 
ইত্তেফাক/পাভেল