মুসলমানরা কংগ্রেস ও বিজেপির নমিনেশন পাবে না: বিজেপি নেতা

ভারতের কর্ণাটক রাজ্য বিজেপির নেতা ও সাবেক উপ-মুখ্যমন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে রাজ্যে  কোনও মুসলমানকে প্রার্থী করবে না বিজেপি। কারণ মুসলমানরা বিজেপিকে বিশ্বাস করে না। তারা কংগ্রেসের মনোনয়নও পাবে না। এনডিটিভি।

ঈশ্বরাপ্পা বলেন, ‘কংগ্রেস মুসলিম ধর্মের মানুষদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে। কিন্তু নির্বাচনে লড়ার সুযোগ দেয় না। আর আমাদের তো আপনারা বিশ্বাস করেন না। তাই আপনাদের আমরা ভোটে লড়ার টিকিট দেব না!' উত্তর কর্নাটকের কোপ্পালের সভা থেকে এ কথা  বলেন বিজেপির এই নেতা।

জীবনের ৭০ টি বসন্ত পার করে আসা ইশ্বরাপ্পা আগেও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন। বছর খানেক আগে তিনি বলেন কংগ্রেসের সঙ্গে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ‘অপরাধী’ আর যাঁরা বিজেপিকে সমর্থন করেন তারা ‘ভাল মুসলিম'। সেদিন তিনি বলেছিলেন, ‘২২জন বিজেপি এবং আরএসএসকে হত্যা করা মুসলমান সম্প্রদায়ের মানুষও কংগ্রেসের সঙ্গে আছে। আর বিজেপিকে সমর্থন করেন ভাল মুসলমানরা।’

আরও পড়ুনঃ নাতনি জন্ম দিয়ে ছেলেকে বাবা হওয়ার সুযোগ দিলেন মা

২০১৫ সালের অক্টোবর মাসে এক মহিলা সাংবাদিককে তিনি বলেন, তাঁকে যদি কেউ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাহলে বিরোধী দলের কী করার আছে? প্রায় একই সময়ে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে জে জর্জের মেয়েরা যদি ধর্ষণের শিকার হয় তাহলেই তাঁরা মহিলাদের কষ্ট বুঝবেন, তাঁর আগে নয়।

ইত্তেফাক/টিএস