খুলনায় শপথ নিয়েছে স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে নব নির্বাচিত ক্ষুদে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী।
রবিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘নব নির্বাচিতদের অভিষেক ও করণীয়’ শীর্ষক সভায় তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অতি. দায়িত্ব) টিএম জাকির হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ খুলনা মহানগরীতে ৪টি মাদ্রাসা এবং ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৭৮৪ জন কেবিনেট সদস্য নির্বাচিত হয়। যার মধ্যে ৯৮ জন প্রধানমন্ত্রী এবং ৬৮৬ মন্ত্রী।
ইত্তেফাক/ইউবি