দ্বিতীয় সপ্তাহেও সত্তার জোয়ার

শাকিব, পাওলি দামকে নিয়ে সত্তা নিয়ে আলোচনা ছিল আগে থেকেই। গত ৪ এপ্রিল ছবিটির প্রিমিয়ার ছিল সর্বশ্রেণীর বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে জমজমাট। সেখানে আগত দর্শকদের মন ভরিয়ে এর পরিচালক হাসিবুর রেজা কল্লোল হয়েছেন প্রশংসিত।
 
তারপর ৭ এপ্রিল ছবিটি হলে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকে হাউজফুল হয়ে আসে ছবিটি। স্বাভাবিকভাবে বিষয়টায় আনন্দিত নির্মাতা কল্লোল। প্রযোজনা প্রতিষ্ঠানেও স্বস্তির সুর।
 
এখন ছবিটি দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। এখানে দেশের অনেক হল যাচ্ছে হাউজফুল। এ প্রসঙ্গে কল্লোল বলেন, ‘হাউজফুল হয়েই ছবিটি দ্বিতীয় সপ্তাহেও চলছে। প্রথম ছবিতে এতটা দর্শক সাড়া পাবো ভাবিনি। যেমন প্রত্যাশা করেছিলাম, ছবিটি তার থেকে ভালো ব্যবসা করছে।’
 
উল্লেখ্য সোহানি হাসানের ‘মা’ গল্প অবলম্বনে এই ছবির কাহিনী তৈরি হয়েছে। যাতে দুর্দান্ত অভিনয় করে চমকে দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। ছবিটি দেখার পর সমালোচকদের জায়গা বেশ নড়েচড়ে ওঠে। অনেকে দাবি করছেন, এ ছবিটি দিয়ে আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি ঘরে তুলতে পারেন শাকিব। ছবির মূল উপজীব্য- আমাদের সমাজ এখন মাদকের ভয়াবহতা আর নানা অনিয়মের চরম ঘেরাটোপে বন্দী। এই বন্দিদশা থেকে সমাজকে উদ্ধারে ছবির নায়ক অসহায়, গাঁজাসেবী শাকিব এক সময় বিদ্রোহী হয়ে ওঠেন। ছবিতে দর্শকের সামনে পাওলি দাম তার বলিউড বা টালিউডের চরিত্র আর চেহারা বদলে দিলেন। পুরো ছবিতে দর্শক একজন অসহায় নির্যাতিতা নারী হিসেবে খুঁজে পাবেন পাওলিকে। পার্শ্ব চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন নাসরিনও। আর নির্মাতা হিসেবে হাসিবুর রেজা কল্লোল দেখিয়েছেন নির্মাণের মুনশিয়ানা।
 
ছবির গানগুলোও মুগ্ধ করার মতো। কথা নির্ভর গানে যা দর্শককে মুগ্ধতা দেবে। মমতাজের গাওয়া ‘না জানি কোন অপরাধে দিলে এমন জীবন’ এবং জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ হলাম কী কী দোষ দিবি তাতে’ গান দুটো সত্তা ছবিকে ভিন্নমাত্রা যোগ করেছে। সত্তা ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পা মজুমদার। সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান রানা।
 
ইত্তেফাক/আনিসুর