নানা উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে রবিবার পালিত হয়েছে ‘ইস্টার সানডে’। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের অন্যতম এ ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন করে। দিবসটি উপলক্ষে প্রতিটি গির্জা অপরূপ সাজে সাজানো হয়। সকাল থেকেই দেশের সব চার্চেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ইন্দিরা রোডের টি অ্যান্ড টি মাঠে বিশেষ প্রার্থনায় শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রার্থনা করা হয় সেখানে।
খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে রবিবার তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রবিবারটি ইস্টার সানডে হিসেবে পরিচিত। যিশু খ্রিস্টের এই ফিরে আসার দিন স্মরণে, দেশে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করেন ইস্টার সানডে। ২০০০ বছর আগে ইসরায়েলের বেথেলহেমে এক গোশালায় জন্ম নেন যিশুখ্রিষ্ট। পৃথিবীতে অতি সাধারণ মানুষের মতো জন্ম নিয়েও ধনী-দরিদ্র সকল মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি। মানুষের মুক্তির জন্য ন্যায় ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে তিনি নিজেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন। ’ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়’ এমন কথাই বলে গেছেন যিশুখ্রিষ্ট।