প্রতি কেজি ধান ২৪, চাল ৩৪ টাকায় কিনবে সরকার

চলতি বছর ২৪ টাকা দরে ধান ও ৩৪ টাকা দরে সিদ্ধ চাল চাল সংগ্রহ করবে সরকার। এ ছাড়া ২৮ টাকা দরে গম ও ৩৩ টাকা দরে আতপ চাল সংগ্রহ করবে।
 
আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত এবং গম সংগ্রহ চলবে ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।
রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
 
সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আসন্ন বোরো মৌসুমে ৭ লাখ মেট্টিক টন ধান, ৭ লাখ মেট্টিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্টিক টন আতপ চাল এবং ১ লাখ মেট্টিক .টন গম কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
 
খাদ্যমন্ত্রী বলেন, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২২ টাকা ও চাল উৎপাদনে ৩১ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০.৭০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৯ টাকা। গত বছর ২৩ টাকা দরে ৭ লাখ মে.টন ধান এবং ৩২ টাকা দরে ৬ লাখ মে.টন চাল সংগ্রহ করে সরকার।  বাসস