মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ নানা কর্মসূচি পালন করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের নেতৃত্বে আজ সোমবার সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় কলাবাগান থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‌্যালি এবং র‌্যালি শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ।
 
তিনি বলেন, ১৯৭১ সালে এই দিবসে স্বাধীন বাংলাদেশে প্রথম সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। যা বাঙালি জাতির সবচেয়ে গৌরব ও মহোত্তম অর্জন। বাসস।