সরকার হাওর বাসীর দুর্যোগে পাশে থাকবে : রাষ্ট্রপতি

 
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সুনামগঞ্জে হাওরের ফসলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। আমি সব সময় হাওরের খোঁজ খবর নেই কারণ আমি হাওরের মানুষ। আমার জেলা কিশোরগঞ্জেও হাওর বেষ্টিত এলাকা। আমি কৃষকের ছেলে তাই সুনামগঞ্জের হাওরের বর্তমান কি অবস্থা তা আমি বুঝতে পারি। আপনারা যে দাবি করেছেন ওএমএস কার্যক্রম আগামী চৈত্র মাস পর্যন্ত চালু রাখার জন্য। সে জন্য আমি সরকারকে বলব। ইতি মধ্যেই আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন, আমাদের দেশে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। আপনার হাওরের মানুষ না খেয়ে থাকবেন না।
 
সুনামগঞ্জে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সোমবার এ সব কথা বলেন রাষ্ট্রপতি।
 
কৃষকের ঋণ মওকুফের ব্যাপারেও সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান রাষ্ট্রপতি। তিনি এ সময় বলেন, আপনারা আমাকে ভুল বুঝেন। মনে করেন আমি সরকার। কিন্তু তা নয় আমি নিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রপতি। কোন দলের মন্ত্রী নই। কারণ রাষ্ট্রপতি পদ হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ পদ।
 
আপনারা যে ভাবে হাওর রক্ষা বাঁধের দুর্নীতির কথা বলেছেন সে ভাবে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসেন তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব। আশা করি আপনারা এই দুর্যোগ দ্রুত কাটিয়ে উঠবেন।
 
সোমবার রাতে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য  ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সুনামগঞ্জ-মৌলভীবাজার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, সিলেট বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার বরকতউল্লাহ খান, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।
 
আরো উপস্থিত ছিলেন “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, অধ্যক্ষ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সেলিনা আবেদীন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন’র সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফি, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাংবাদিক আল হেলাল প্রমুখ।
 
এ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক জনপ্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন এবং জোর দাবি জানান হাওর রক্ষা বাঁধে দুর্নীতি যারা করেছে তাদের যেন আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়।
 
ইত্তেফাক/আরএ