রায়পুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

রায়পুর উপজেলায় জোসনা আক্তার (৩০) নামে দু' সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ৩নং ওয়ার্ড চরলক্ষী গ্রামের আখনবাজার এলাকার পেদার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। 
 
ওই গৃহবধূ একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশীদ পেদার স্ত্রী ও একই গ্রামের কৃষক দুলাল আখনের মেয়ে। তবে ঘটনার পর থেকে স্বামী আব্দুর রশিদ পলাতক রয়েছে। এতে নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের ধারণা সোমবার গভীর রাতে কোন এক সময় গৃহবধূ জোসনাকে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে মৃত দেহটি গাছে ঝুলিয়ে স্বামী আব্দুর রশীদ পেদা রাতেই পলাতক যায়।
 
নিহত গৃহবধূর বাবা দুলাল আখন বলেন, প্রায় ১৫ বছর আগে তাদের পার্শ্ববর্তী গ্রামের বেকার আব্দুর রশীদে সাথে তার মেয়ে জোসনার বিয়ে হয়। গত তিন-চার বছর ধরে আব্দুর রশীদ ব্যবসার জন্য প্রায় সময় মোটা অংকের টাকা এনে দিতে চাপ সৃষ্টিসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতো জোসনার উপর। তাদের সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তানসহ তার মায়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় মিলিয়ে লক্ষাধিক টাকাও দেওয়া হয়। 
 
সোমবার রাত ১১ টার সময় আব্দুর রশিদ তার তার মেয়ে জোসনাকে আরো টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। এতে প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করে বসত ঘরের পাশে জোসনার মৃত দেহটি গাছে ঝুলিয়ে রেখে রাতেই পালিয়ে যায় ঘাতক স্বামী আব্দুর রশীদ।
 
হাজিমারা ফাঁড়ি থানার ইনচার্জ (এসআই) মোঃ ইয়াহিয়া জানান, গৃহবধূ জোসনার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । স্বামী আব্দুর রশীদ পলাতক থাকায় তাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
 
ইত্তেফাক/সাব্বির