পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বন্যপ্রাণীর মত চশমাপরা হনুমানের অস্তিত্ব এখন বিপন্নের পথে। বনভূমি ধ্বংসের কারণে এ প্রাণীটি হারিয়ে যাচ্ছে।
খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বানর ও হনুমান দেখা গেলেও চশমাপরা হনুমানের বিচরণ বেশি রয়েছে জেলার রামগড়ে।চোখের চারপাশে সাদা গোলাকার চশমার মত চিহ্ন থাকায় এরা চশমাপরা হনুমান নামে সবার কাছে পরিচিত। বন ধ্বংসের কারণে আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং খাদ্যের সন্ধানে এদের একটি বড় দল রামগড় পৌরসভার বিভিন্ন লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। বিশেষ করে ফলমূল ও গাছের কচিপাতা-কাণ্ড খেতে এরা লোকালয়ের বাগানগুলোতে আসে।
IMG0
রামগড় পৌরসভার মহিলা কাউন্সিলর আয়েশা বেগম বলেন, '১৭-১৮ সদস্যের চশমাপরা হনুমানের দলটি পৌরসভার ডেবারপাড়, জগন্নাথপাড়া, গর্জনতলী প্রভৃতি এলাকায় বিচরণ করে। মূলত খাবারের সন্ধানে এরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়।' তিনি আরও বলেন, 'বন উজাড় হওয়ায় অন্যান্য বন্যপ্রাণীর মত এরাও আশ্রয়হীন হয়ে পড়েছে।'
খাগড়াছড়ি বন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, 'প্রাণী রক্ষার জন্য বন রক্ষা করতে হবে আগে। বন ধ্বংস ও শিকারের কারণে এখানে বন্যপ্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে।'
ইত্তেফাক/জামান