শীঘ্রই বিএনপির জেলা কমিটির কাউন্সিল: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেলেও কাউকে জেলে যেতে হয়নি। অথচ ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। এ লক্ষ্যে আন্দোলন করার জন্য দলের জেলা কমিটি গুলোর কাউন্সিল অধিবেশন খুব শীঘ্রই আয়োজন করা হবে। জোরদার করা হবে দলের সাংগঠনিক কাঠামো। বিগত ১২ বছর যাবত যারা আন্দোলনে সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন আগামী কাউন্সিল অধিবেশনে তাদের মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার দুপুর ১টায় বগুড়া শহরের একটি মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। 

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় সদস্য ওবায়দুর রহমান চন্দন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়ার পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু , সাবেক এমপি অ্যাড. একেএম হাফিজুর রহমান, সাবেক এমপি জিএম সিরাজ প্রমুখ। 

আরো পড়ুন: ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ডের অপসারণ চায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে রাজপথে আন্দোলনে নামার জন্য নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি সভার শুরুতে সভাস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবতারণা হয়। পরে সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। 

ইত্তেফাক/অনি